বেগম জিয়া এই দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য ১৭ বছর সংগ্রাম করেছেন -খন্দকার আবু আশফাক
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আমার আপনার নেত্রী মরহুম বেগম জিয়া এই দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটানা ১৭ বছর সংগ্রাম করেছেন- এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক।
মঙ্গলবার সন্ধ্যায় দোহার উপজেলার বানাঘাটা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা তানভীর আহমেদ সানু মোল্লার আয়োজনে মরহুম বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বেগম জিয়া এই দেশের মানুষকে ছেড়ে যাননি। এই দেশের জন্য তিনি নিজের স্বামীকে হারিয়েছেন, ছোট ছেলেকে হারিয়েছেন, বড় ছেলেকে ১৭ বছর নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। তিনি নিজেও বৃদ্ধ বয়সে কারাভোগ করেছেন। তবুও দেশের মানুষের মুক্তি ও কল্যাণের সংগ্রাম থেকে তিনি সরে যাননি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করছি- আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে দোয়া মাহফিলের স্থান জনসমুদ্রে পরিণত হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম পল, দোহার উপজেলা বিএনপির সভাপতি মেছের আলী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































